হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই ঘণ্টার মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৩আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়।
নালুয়া চা বাগানের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নালুয়া ও ডুলনা ডিভিশনের চা শ্রমিকদের পাশাপাশি ছাত্র ও যুবকরাও অংশ নেন। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।
আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—৫ শতাংশ ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত বাতিল, দৈনিক ৫০০ টাকা মজুরি নিশ্চিত করা, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা।
মানববন্ধন ও কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের জীবনমানের কথা বিবেচনা করে দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।