হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক তিনটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাথর ভর্তি ট্রাকে পাচারকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় পরিচালিত এসব অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, শাড়ি, গাঁজা ও মশার কয়েল। বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা পাথর বহনকারী ট্রাকের আড়ালে অত্যন্ত কৌশলে এসব অবৈধ পণ্য পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকগুলো তল্লাশি করে এবং পাথরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এসব পণ্য উদ্ধার করে।
অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের অর্থনীতি ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর থাকবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।