বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪আগস্ট) ডা. ইলিয়াছ একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “শিক্ষাই জাতি গঠনের মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে কেবল জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে একজন সৎ, নীতিবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। বানিয়াচংয়ের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

ক্যাপশন : কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তোলে দিচ্ছে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন
একাডেমির প্রধান শিক্ষক মো. হেমায়েত আলী খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ, গুণগত মান বৃদ্ধি এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ শিক্ষার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে একাডেমির কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।