হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সড়ক বিভাগ, হবিগঞ্জের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৬আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ।
প্রকল্পটি বাস্তবায়ন ও সার্বিক গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: “হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কটি এই অঞ্চলের যোগাযোগের মূল প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কটিকে চার লেনে উন্নীত করা সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে হবিগঞ্জের আর্থ-সামাজিক চিত্রে ব্যাপক পরিবর্তন আসবে, ব্যবসার প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে। সরকারের পক্ষ থেকে এই উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সকল ধরনের সহযোগিতা ও তদারকি বজায় রাখা হবে।”
সভায় প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ও রূপরেখা উপস্থাপন করেন সড়ক বিভাগ, হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী (সড়ক) জাকির হোসেন।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। তিনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে জমি অধিগ্রহণসহ প্রকল্পের আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।