হবিগঞ্জের লাখাই উপজেলায় দাঙ্গা-হাঙ্গামা, মাদক, জুয়া, চুরিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) লাখাই থানা বিট পুলিশের আয়োজনে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বটতলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।
কর্মশালায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, “এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা, মাদক, জুয়া ও চুরিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ এলাকায় সচেতনতা গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
কর্মশালায় স্থানীয় জনসাধারণ এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধ প্রতিরোধে তাঁদের মতামত তুলে ধরেন। এ ধরনের উঠান কর্মশালা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।