হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (৭সেপ্টেম্বর) পরিদর্শনকালে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কাজী শামসুল আরেফীনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর, রান্নাঘরসহ হাসপাতালের সবগুলো বিভাগ ও সেবা কর্ণার ঘুরে দেখেন।
এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের চলমান সেবা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেক রোগী ও সেবাগ্রহীতাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে চিকিৎসার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো আচরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “হাসপাতালের প্রতিটি বিভাগ ও কর্ণারের সেবা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো রোগী যেন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।”
এ সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সংরক্ষণ এবং বিভিন্ন সেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সিভিল সার্জনের পরিদর্শন ও দিকনির্দেশনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।