শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপর রয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভা ও রিচি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জি কে গউছ, এমপির একান্ত সচিব (উপসচিব) মো. আমিন আল পারভেজ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, পূজা উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।