হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বড় বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকাল সাড়ে ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। বামৈ বড় বাজার কমিটির সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, “বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এবং অপরাধ সংঘটিত হলে অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সহায়ক হবে। বাজারের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
বাজার কমিটির এ উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বাজারে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক পরিবেশ তৈরি হবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন আহমেদ, মিয়া মোহাম্মদ লায়েছ, ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজমসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।