বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালে বাধা প্রদান, তথ্য সংগ্রহকারীদের তাড়িয়ে দেওয়া এবং স্থানীয় সমাজ সেবা প্রতিনিধি ও নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনপত্র সূত্রে জানা যায়, গতকাল বুধবার হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য’র নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় পুকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন তথ্য সংগ্রহকারীরা। এ সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী—দৌলতপুর গং কাটখাল গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মো. লুৎফুর রহমান খান এবং দৌলতপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার পুত্র মো. নূরুল হক সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বলেন যে ১নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ করতে হলে তাদের কথামতো কাজ করতে হবে, অন্যথায় সেখানে কাউকে তথ্য সংগ্রহ করতে দেওয়া হবে না। এ সময় ইউনিয়ন সমাজ সেবা প্রতিনিধি ও পুকড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিংকন ও অন্যান্য সাক্ষীরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তারা সমাজ সেবা প্রতিনিধি মোহাম্মদ আলী লিংকন ও উপস্থিত সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “তুই কিসের সমাজ সেবা প্রতিনিধি, তোর কথা আমরা কেন শুনব, তুই কে?” বলে তথ্য সংগ্রহকারীদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
এই অনভিপ্রেত আচরণ ও হুমকির মুখে ১নং ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বিঘ্নিত হয় এবং নিরাপত্তা সংকটের কারণে শেষ পর্যন্ত সেদিনের মতো কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা।
ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা ও কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উক্ত আবেদনের অনুলিপি অবগতির জন্য হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, উপজেলা সমাজসেবা অফিসার এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরও প্রেরণ করা হয়েছে।