হবিগঞ্জের বানিয়াচং ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তিনটি সামাজিক সংগঠনের সদস্যরা। শুক্রবার (১৩নভেম্বর) বিকেলে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
‘বানিয়াচংয়ের পাশে থাকার গল্প’, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সাহাবা ফাউন্ডেশন ও সূর্য কিরণ সমাজ কল্যাণ ইয়াং ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে এ উদ্যোগ গ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার জায়গা থেকে সংগঠনগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয়। সরকারি একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করায় স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনা তৈরি হলেও একই সঙ্গে উঠেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।
একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব কার? হাসপাতালের পরিচ্ছন্নতার জন্য সরকারি কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত জনবল থাকার পরও কেন বাইরের সামাজিক সংগঠনগুলোকে স্বেচ্ছাশ্রমে এ কাজ করতে হবে? তাহলে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব ও জবাবদিহিতা কোথায়?
সরকারি অর্থে বেতন-ভাতা গ্রহণকারী কর্মীদের দায়িত্ব যদি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের পালন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট জনবলের কাজ কী—এমন প্রশ্নও তুলছেন সচেতন মহল।
মানবিক উদ্যোগ হিসেবে সামাজিক সংগঠনগুলোর এই কার্যক্রম নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে সরকারি প্রতিষ্ঠানের নিয়মিত দায়িত্ব পালনে যেন স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি। হাসপাতালের পরিচ্ছন্নতা কোনো সাময়িক কর্মসূচির বিষয় নয়; এটি রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা পাওয়ার মৌলিক শর্ত।
সামাজিক সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব ও জনবলের কাজ যেন অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।