হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল ব্রিজটি দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরু এই ব্রিজ দিয়ে পাশাপাশি দুটি সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করতে পারে না। এর মধ্যে কোনো ট্রাক কিংবা মিনিবাস ব্রিজে উঠলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালক ও পথচারীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বালিখাল ব্রিজের সংকীর্ণতার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে ব্যস্ত সময়ে একটি বড় যানবাহন ব্রিজে উঠলেই দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কখনো কখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।
বালিখাল ব্রিজ দিয়ে নিয়মিত চলাচলকারী সিএনজিচালকরা জানান, ব্রিজটি এতটাই সরু যে দুটি সিএনজি পাশাপাশি পার হওয়া সম্ভব হয় না। একটি গাড়ি ব্রিজে উঠলে বিপরীত দিকের গাড়িকে অপেক্ষা করতে হয়। আর ট্রাক বা মিনিবাস উঠলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন দুই পাশের যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের পাশাপাশি চালকদেরও সময় ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
একজন সিএনজিচালক মোতাহের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন এই ব্রিজে এসে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। দুটি সিএনজি একসঙ্গে পার হতে পারে না। বড় গাড়ি উঠলে তো আর কথাই নেই। দুই পাশে গাড়ির লাইন পড়ে যায়। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ব্রিজটি প্রশস্ত করে নতুন করে নির্মাণ করা হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’
বাস চালক কবির হোসেন বলেন, ‘এই সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। অথচ ব্রিজটির কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। তাই দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।’
এদিকে বালিখাল ব্রিজের এমন বেহাল যোগাযোগব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তাদের দাবি, সাময়িকভাবে যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের জন্য পুরোনো সরু ব্রিজটি ভেঙে আধুনিক ও প্রশস্ত নতুন ব্রিজ নির্মাণ করতে হবে।
এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে বালিখাল ব্রিজকেন্দ্রিক দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতে।