হবিগঞ্জে ৫৫ বিজিবি পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় একজন আসামীকেও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, ফুচকা, কাবেরী মেহেদীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এছাড়াও অভিযানে ৪৩ কেজি গাঁজা এবং ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। মাদক ও চোরাচালান পণ্যের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।