হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে শিক্ষক রুমা আক্তারসহ পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৭সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চতুর্থ শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের মেঝের একটি বড় অংশ প্রায় চার ফুট নিচে ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে—রাহিম বাদশা, আব্দুল মান্নান মিয়া, মোজাক্কির মিয়া ও আজিনুর মিয়া। এ ছাড়া আরও এক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুতর নেসা ঘটনার বিবরণ দিয়ে বলেন, “চতুর্থ শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ ফ্লোরটি প্রায় চার ফুট নিচে ধসে যায়। ফ্লোরের নিচে প্রয়োজনীয় মাটি না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আমার বিদ্যালয়ের প্রায় সবকটি কক্ষের একই অবস্থা। পুরো ভবনটিই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
দুর্ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।