হবিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সমন্বয়ে এক পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, স্বল্প খরচে ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর প্রচার-প্রচারণা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মঈনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন: “গ্রাম আদালত প্রান্তিক ও সাধারণ জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার একটি অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম। বিচারপ্রার্থী মানুষ যাতে সামান্য বিরোধের জন্য উচ্চ আদালত বা থানায় গিয়ে সময় ও অর্থের অপচয় না করেন, সে জন্য গ্রাম আদালতকে জনগণের আস্থাভাজন হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতা।
তিনি আরও বলেন-গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রতিটি গ্রামের মানুষ যেন সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের একযোগে কাজ করতে হবে। একটি বিচারবান্ধব সমাজ গঠনে এই আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।”
সভায় অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে আদালতের মামলা জট অনেকাংশে কমে আসবে। একই সাথে সাধারণ মানুষ দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত বিচার সুবিধা পাবে।
সমাপনী বক্তব্যে সভাপতি মো: মঈনুল হক গ্রাম আদালতের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।