হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪সেপ্টেম্বর) সকালে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাহির মিয়াসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত তাহির মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।