বানিয়াচংয়ের চতুরঙ্গ রায়ের পাড়া দারুন হিকমা মাদ্রাসার নিখোঁজ ছাত্রী ফাবিয়া তাবাস্সুম মীমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকায় মীমের বাড়িতে যান তিনি। এ সময় তিনি নিখোঁজ মীমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার নিখোঁজ হওয়ার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান এবং দারুন হিকমা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাসুদুল হাসান।
পরিবারের সদস্যদের উদ্দেশে এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “মীমের নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একটি সন্তান নিখোঁজ হলে তার পরিবারের ওপর দিয়ে কী ধরনের মানসিক কষ্ট যায়, তা আমরা বুঝতে পারছি। মীমকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “মীমকে উদ্ধারে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে হবে। আমরা সবাই মিলে মীমকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।”
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যায় ফাবিয়া তাবাস্সুম মীম। মাদ্রাসার ছুটি শেষে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ি ফিরে এলেও মীম আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন। কিন্তু এরপর থেকে মীমের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ফাবিয়া তাবাস্সুম মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোঁয়াজ আলী মিয়ার মেয়ে।