অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব থেকে সমাজকে রক্ষা এবং এ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবিগঞ্জে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিকারের উপায়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, অনলাইন জুয়া বর্তমানে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা। এর মাধ্যমে অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে তরুণ সমাজ অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়লে তাদের ভবিষ্যৎ, শিক্ষা ও কর্মজীবন হুমকির মুখে পড়তে পারে। এ সমস্যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনলাইন জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ।
কর্মশালায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি এবং প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা অনলাইন জুয়ার বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জেলার ডিবি পুলিশ,সাইবার ক্রাইম সদস্যসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।