হবিগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের এ প্যারেড মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী এবং সিলেটের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, “পুলিশ বাহিনীতে পদোন্নতি শুধু পদমর্যাদা বৃদ্ধির বিষয় নয়, এটি দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ। পদোন্নতিপ্রত্যাশী প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করতে হবে। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে একটি দক্ষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি করতে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই। প্রত্যেক সদস্যকে জনগণের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্যারেড মূল্যায়নে পরীক্ষার্থীদের প্যারেড-সংক্রান্ত দক্ষতা ও শৃঙ্খলা মূল্যায়ন করা হয়।