হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নোয়াগাঁও হাজিফিয়া মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র রাকিবুল ইসলামকে নিখোঁজের ছয় দিন পর পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় তাকে দেখতে পান তার এক নিকট আত্মীয়, যিনি সেখানে সবজি ব্যবসা করেন। পরে খবর পেয়ে রাকিবুলের বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন।
রাকিবুলের বাবা রোশন আলী মেম্বার জানান , মাদ্রাসায় যাওয়ার পথে হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি গাড়িতে ওঠে রাকিবুল। গাড়িতে ওঠার পর তার পাশের সিটে বসা দুই ব্যক্তি তাকে সিট ছেড়ে মাঝের সিটে বসতে বলেন। এরপর থেকে কী ঘটেছে, সে বিষয়ে আর কিছু বলতে পারেনি রাকিবুল।
পরিবারের সদস্যদের দাবি, ছয় দিন পর তাকে ফিরে পাওয়ার পরও এই সময়ের মধ্যে সে কোথায় ছিল, কার সঙ্গে ছিল কিংবা কীভাবে বিভিন্ন স্থান ঘুরে হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পৌঁছেছে—এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না সে।
অবশেষে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে রাকিবুলকে দেখতে পান তার এক নিকট আত্মীয়। পরে তার বাবাকে খবর দেওয়া হলে তিনি দ্রুত সেখানে গিয়ে রাকিবুলকে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর সকালে রাকিবুল সুতাং নোয়াগাঁও হাজিফিয়া মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গত ২৮ সেপ্টেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রাকিবুলের নিখোঁজ হওয়া এবং ছয় দিন পর তাকে ফিরে পাওয়ার ঘটনায় পরিবারের মধ্যে স্বস্তির পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে নিখোঁজের ছয় দিন সে কোথায় ছিল এবং তার সঙ্গে কী ঘটেছিল—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।