হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালো নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আক্তার হোসেন আল-হাদী। তিনি এনটিভির বানিয়াচং প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
জানা যায়, প্রতিদিনই তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।
বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন আল-হাদী ক্রমেই তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। তার সরলতা, আন্তরিকতা এবং সময়োপযোগী পরিকল্পনা তরুণ ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে।
নির্বাচনী প্রচারণায় তিনি বিশেষভাবে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা গুরুত্ব দিয়ে শুনছেন। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং প্রযুক্তিনির্ভর সেবার মতো বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন, যা তরুণদের আকৃষ্ট করছে।
স্থানীয় তরুণদের মতে, আক্তার হোসেন আল-হাদী একজন আধুনিক চিন্তাধারার প্রার্থী, যিনি তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করতে চান। তার নেতৃত্বে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে উঠবে—এমন প্রত্যাশা করছেন তারা। এভাবেই ধীরে ধীরে তরুণদের আস্থা ও ভালোবাসা অর্জন করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করছেন আক্তার হোসেন আল-হাদী।
আক্তার হোসেন আল-হাদী বলেন, “সততা ও আধুনিক সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সুষম বণ্টনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি চাই এই ইউনিয়নকে হয়রানিমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে।” তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিম সকল ভাই-বোনের ঐক্য ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।”
এদিকে, স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার নিয়মিত গণসংযোগ ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনী মাঠে তার উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে বলে জানান এলাকাবাসী।