“আপনার আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন।” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো ঝুঁকিপূর্ণ রোগের বিস্তার রোধে মঙ্গলবার (১৬জুন) হবিগঞ্জ পৌরসভা ও ব্র্যাকের সহায়তায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল মশার আবাসস্থল ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান, বিভাগীয় টিবি কনসালটেন্ট ডা. সাহিদ আনোয়ার রুমি এবং হবিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল। এছাড়াও স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা। এজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত জরুরি। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান বক্তারা।
এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে গেলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।