হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির একটি চৌকস টহল দল বিশেষ অভিযানে শরীরে অভিনব কায়দায় গাঁজা পেঁচিয়ে পরিবহনকালে এক যুবককে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬জুুন) গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে কৌশলে পেঁচিয়ে রাখা অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম-আরিফ। সে ময়মনসিংহ জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।