হবিগঞ্জ জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সফলতার সাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ক্যাম্পেইনের কার্যক্রম সুচারুভাবে তদারকি করতে জেলার বিভিন্ন উপজেলার টিকাদান কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
ক্যাম্পেইন চলাকালীন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ, মাধবপুর এবং চুনারুঘাট উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং দায়িত্বরত কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন: ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মুখলিছুর রহমান ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন। সবার সম্মিলিত সহযোগিতায় কোনো ধরনের জটিলতা ছাড়াই জেলাজুড়ে সফলভাবে এই ক্যাম্পেইন পরিচালিত হওয়ায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপস্থিত কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়।